আফগানিস্তানে সেনা নিয়ন্ত্রিত অঞ্চলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
সরকারি সূত্র জানিয়েছে, রবিবার খোস্ত প্রদেশের ক্যাম্প চ্যাপম্যানে একটি চেক পয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। এই ক্যাম্পটি সিআইএ ব্যবহার করত। চ্যাপম্যান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সৈন্য ছাড়াও আফগানিস্তান এবং বিদেশি সৈন্যরা বসবাস করেন।
সর্বশেষ ২০০৯ সালে এই চ্যাপম্যানে হামলা চালিয়ে সাতজন কর্মকর্তাকে হত্যা করে জঙ্গিরা। তবে রবিবারের হামলায় যুক্তরাষ্ট্র কিংবা যৌথ বাহিনীর কোনো সেনা মারা যায়নি।
খোস্ত প্রদেশের উপ-পুলিশ প্রধান ইয়াকুব খান এএফপি-কে বলেন, রবিবার ক্যাম্প চ্যাপম্যানে আফগানিদের পরিচালিত চেক পয়েন্টে আত্মঘাতী হামলা চালানো হয়।
তিনি বলেন, কিছু বেসামরিক লোকজন চেক পয়েন্টটি পার হওয়ার সময়ই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত এপ্রিল থেকে সেনা সদস্যদের লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে তালেবান। সূত্র: বিবিসি
এআর





