ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলার রাজপোড়া গ্রামে বিচ্ছিন্নতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর যৌথ এক অভিযানের সময় সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২ জুলাই) কাশ্মিরের ভারতীয় পুলিশের সূত্রে এই খবর জানানো হয়।
পুলিশের সূত্রে জানানো হয়, নিহতদের মধ্যে ১ জন সৈন্য ও ৫ জন বিচ্ছিন্নতাকামী যোদ্ধা রয়েছে। নিহত যোদ্ধারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজপোড়া গ্রামে যৌথ অভিযান শুরু করা হয়। অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য ও পাঁচ যোদ্ধা নিহত হয়।
২ সপ্তাহ থেকে কাশ্মিরে চলমান সহিংসতায় এই নিয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। তথ্যসূত্র : বাসস।
এবিএস





