ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদরাবু মানসুর হাদি। তবে তিনি সরকারের কর্তৃত্ব ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান।
সুন্নি শাসিত দেশটির রাজধানী সানাতে ইতোমধ্যে শিয়া বিদ্রোহীরা প্রবেশ করেছে। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণও নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এমন অবস্থায় মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনে ভাষণ দেন হাদি।
তিনি বলেন, ‘ইয়েমেনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর ষড়যন্ত্রের কারণে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে।’ তার এ বক্তব্যের দুইদিন আগেই রাজধানী সানায় ঢুকে পড়ে বিদ্রোহীরা। এর আগে উভয়পক্ষের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি চুক্তি হয়। কিন্তু বিদ্রোহীরা সে চুক্তি ভঙ্গ করে।
হাদি বলেন, ‘যারা ইয়েমেন থেকে তাদের স্বার্থ হাসিল করতে পারেনি এবং যারা ইয়েমেনের ওপর তাদের প্রতিশোধ নিতে চায় তারা ‍এখন এক হয়েছে। অনেক শক্তি এক হয়ে সানার বিরুদ্ধে হামলা চালাচ্ছে।’ হাদি জোর দিয়ে বলেন, ‘ইয়েমেনের পতন হবে না।’ সূত্র : আল জাজিরা।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ