মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর পর ইসরাইল বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই নিষেধাজ্ঞার কথা জানায়।

ওই দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য হলেন- ইলহান ওমর ও রাশিদা তালিব। গত বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তাঁরা।

তাঁরাই প্রথম দুই মুসলিম নারী, যাঁরা মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছেন। আগামী রোববার (১৮ আগস্ট) তাঁদের ইসরাইল সফরে যাওয়ার কথা ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মার্কিন কংগ্রেসের এই দুই সদস্যের সফরে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। ইসরাইলের আইন অনুযায়ী যাঁরা ইসরায়েলকে বর্জনের আহ্বান জানান, তাঁদের ইসরাইল সফর করতে দেওয়া হয় না।

গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডেরমার অবশ্য এই দুই কংগ্রেস সদস্যের ইসরাইল সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন। রাষ্ট্রদূত ডেরমার বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অসাধারণ বন্ধুত্ব ও মার্কিন কংগ্রেসের প্রতি সম্মান জানিয়ে ওই দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে ইসরাইল সফরের অনুমতি দেওয়া হবে।

তবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, “ওই দুই কংগ্রেস সদস্যকে ইসরাইল সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরাইলের দুর্বলতা। তাঁরা ইসরাইল ও সব ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাঁদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না।”

ট্রাম্পের ওই টুইটার বার্তার পর ইসরাইলের নিষেধাজ্ঞার কথা গণমাধ্যমে আসে।

সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব প্রকাশ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসীবিরোধী এবং মুসলিমবিরোধী নীতির কঠোর সমালোচক বলে পরিচিত।

ইলহান ওমর মিনেসোটা অঙ্গরাজ্য ও রাশিদা তালিব মিশিগান অঙ্গরাজ্য থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

এমবি