ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সমর্থন দিতে স্পেনে ক্ষেপণাস্ত্রবাহী একটি মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। এ ডেস্ট্রয়ার শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইউরোপকে সুরক্ষা দেবে বলে দাবি করছে আমেরিকা।
ওয়াশিংটন বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার জন্য তাদের এ পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে, মস্কোকে লক্ষ্য করে আমেরিকা স্পেনে ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। তাদের এ পদক্ষেপ রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পেনে আগামী দু’বছরে আরো তিনটি আরলিগ ব্রুক-ক্লাস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে। স্পেনের সঙ্গে ঐতিহাসিকভাবে আমেরিকার শক্তিশালী সামরিক শক্তি রয়েছে। নতুন করে ডেস্ট্রয়ার মোতায়েনের ফলে এ সম্পর্ক আরো অনেক গভীর হবে বলে দাবি করেছেন মার্কিন নৌবাহিনীর সচিব রে মাবুস।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই