হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় পুলিশের পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

শনিবারের এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।

নাম না প্রকাশ করার শর্তে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শহরের ‘ডিসেম্বর ওয়ান’ আবাসিক এলাকার একটি বিলিয়ার্ড হলে গাড়িতে করে আসা পাঁচ ব্যক্তি একে-৪৭ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে। পুলিশের পোশাক পরা এসব হামলাকারীরা গুলিতে ঘটনাস্থলেই আটজন নিহত ও অন্যান্যরা আহত হন।

হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান বলে জানিয়েছেন এসক্যুয়েলা ইউনিভার্সিতারিও হাসপাতালের মুখপাত্র মিগুয়েল ওসোরিও।

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে প্রতিদিন গড়ে ১৬ জন খুন হন। এসব খুনের অধিকাংশই মাদক অপরাধী চক্রের হানাহানি ও অন্যান্য ভাড়াটে অপরাধী চক্রগুলোর জমি নিয়ে সংঘর্ষের জেরে হয়ে থাকে।

ওএফ