আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
বুধবার (০৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেয়ার কথা ভাবছি না। নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা।
তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশের সমর্থন থাকবে।
মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন।
দেশটির তত্ত্বাবধায়ক সরকারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি আর পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে দোহা চুক্তির অন্যতম নেগোশিয়েটর আমির খান মুত্তাকিকে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। গত সোমবার সবশেষ প্রদেশ পানশির নিয়ন্ত্রণে নেন তালেবান সদস্যরা। গত ৩০ আগস্ট স্থানীয় সময় রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।
এমবি





