ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় জেলা পুলিশের এক সাব-ইন্সপেক্টর নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কনস্টেবল। সশস্ত্র মাওবাদী বাহিনীর বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশ বাহিনীর ওপর এ হামলা হয় বলে জানা গেছে।
রাজ্যের দুর্গ রেঞ্জের আইজি দীপাংশু কাবরা জানিয়েছেন, রবিবার দুপুরে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় মাওবাদী অধ্যুষিত জঙ্গলে পুলিশের বিশেষ প্রশিক্ষিত ই-৩০ বাহিনী অভিযানে গেলে মাওবাদীরা তাদের ওপর হামলা চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনন্দগাঁও শহর থেকে ১৫০ কিমি দূরে এক গ্রামে পুলিশ বাহিনী জঙ্গল ঘিরে ফেললে তাদের উদ্দেশ্যে গোপন ঘাঁটি থেকে গুলি চালায় মাওবাদীরা। এ সময় দুই পক্ষের সংঘর্ষে সাব-ইন্সপেক্টর যুগল কিশোর ভার্মা গুলিবিদ্ধ ঘটনাস্থলেই মারা যান।
তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযান শেষ হবার আগেই গভীর জঙ্গলে গা ঢাকা দেয় মাওবাদীরা।
উল্লেখ্য, রাজনন্দগাঁওয়ের এ অংশের জঙ্গলের সাথে মহারাষ্ট্রের গোন্ডিয়া ও গাডচিরোলি অঞ্চল এবং মধ্যপ্রদেশের বালাঘাট এলাকা। মাওবাদী প্রভাবিত এ বিশাল অঞ্চলকে ঘিরে নতুন আঞ্চলিক ঘাঁটি গড়ে তোলার চেষ্টার গোপন সংবাদে পুলিশের বিশেষ দল এ অভিযানে নামে।
এমএনজে





