ভারত অধিকৃত কাশ্মিরের জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির (২২) মৃত্যুকে কেন্দ্র করে গত সপ্তাহজুড়ে আবারো ঘটে গেল ভয়াবহ সহিংসতা। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। সর্বশেষ ওই এলাকার গণমাধ্যমও বন্ধ করে দিয়েছে ভারত সরকার।
অন্যান্য আন্দোলনের মতো ওয়ানির মৃত্যুর পরও রাস্তায় নেমে এসেছে কাশ্মিরের তরুণ সমাজ। নিজেদের কথাগুলো তারা ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলি, ইন্টারনেট এবং টেলিফোন সেবা বন্ধ করে দেয়াসহ নানা বাধা উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রেখেছেন কাশ্মিরি তরুণেরা। প্রশ্ন হচ্ছে, তরুণরা কেন নিজেদের জীবনবাজি রেখে চালিয়ে যাচ্ছে আন্দোলন। এই প্রশ্নের উত্তর জানিয়েছেন কাশ্মিরের বিভিন্ন পেশার কয়েকজন তরুণ।
২৩ বছর বয়সী ক্রিকেটার সামির আহমদ ভাট। তিনি বলেন, ‘আমাদের বাধ্য করা হচ্ছে তাদের প্রতি পাথর ছুড়তে। তারা আমাদের উসকে দিচ্ছে। যতক্ষণ তারা আমাদের ওপর তাদের নৃশংসতা বন্ধ না করবে আমি পাথর ছুড়ে যাবো।’
হতাশাগ্রস্ত এই তরুণ আরো বলেন, ‘আজ আমি যাদের সঙ্গে আছি, আমি জানি না কাল তারা নিরাপত্তা বাহিনীর হাতে শহীদ হয়ে যাবেন কি না। তারা কেন আমাদের গুলি করে? দেশের অন্য জায়গায় আন্দোলন হলে জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। আর কাশ্মিরে ব্যবহার করা হয় বুলেট। গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে চোখ হারিয়েছেন বেশ কিছু কাশ্মিরি তরুণ। মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে দিন কাটাচ্ছেন শত শত লোক।'
সাংবাদিকতায় যুক্ত ২৬ বছরের তরুণী ফারজানা সাইদ। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহতদের নিয়ে তিনি একটি গল্প তৈরি করেছেন। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে হাসপাতালে যাওয়া কঠিন। টেলিফোনে সাক্ষাৎকার নিয়েই তৈরি করতে হচ্ছে রিপোর্ট। এ ছাড়া আর কোনো পথ নেই।
ফারজানা বলেন, ‘জনগণের মূল সমস্যার দিকে নজর দেয়া হচ্ছে না। আমরা সব সময়ই কাশ্মির ইস্যুতে একটি বিতর্কের আহ্বান জানিয়েছি। কিন্তু আমাদের সুযোগ দেয়া হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ আমাদের মূল সমস্যা অনুধাবনের চেষ্টা করছে না। এটাই সব সমস্যার প্রধান কারণ।
প্রতিদিন ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরকারি হাসপাতালে যেতে হয় তরুণ চিকিৎসক আকিবকে। রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ায় গাড়ির বেহাল অবস্থা। তবুও সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে হয় ২৫ বছরের আকিবকে।
তিনি বলেন, ‘কাশ্মিরে যা হচ্ছে তা সাধারণ কোনো আন্দোলন নয়। আমরা একটা রাজনৈতিক যুদ্ধে লিপ্ত। জনগণের আত্মপ্রত্যয়ই এর মূল উৎস। বুরহান ওয়ানি ছিলেন আমাদের একটি নতুন আশা। তিনি ছিলেন আমাদের একজন গেরিলা আইকন। আমাদের আন্দোলন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সশস্ত্র আন্দোলনের পক্ষে সমর্থন বাড়ছে। তরুণরা আবারো বন্দুকের দিকে ঝুঁকছেন।’
কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনের পক্ষে কাজ করে যাচ্ছেন ২৮ বছরের তরুণী এসার বাতুল। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিনিয়তই কাশ্মিরি তরুণীদের উদ্দেশ্য করে নানা অশ্লীল মন্তব্য করে। তাদের নানাভাবে বিরক্ত করে। এসবের প্রতিবাদ করা যায় না। কারণ সেনাদের হাতে থাকে বন্দুক।
বুরহান ওয়ানি সম্পর্কে এই তরুণী বলেন, ‘বুরহান পাকিস্তানের সমর্থনের বাইরে গিয়েই ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কারণ তিনি একজন কাশ্মিরি। তিনি কখনো সীমান্ত পাড়ি দেননি।পাকিস্তানের প্রশিক্ষণও নেননি। প্রত্যেকে তাকে নিজের সন্তান মনে করতেন। এ জন্যই তার হত্যাকাণ্ডে সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন।’
কাশ্মিরের তরুণ রাজনীতিবিদ সালমান সাগর (৩৬)। তিনি বলেন, ‘এটা শুধু বুরহান ওয়ানির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আরো অনেক ইস্যুই এর সঙ্গে জড়িত। বর্তমান সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দুঃখজনক হলেও সরকার ব্যর্থ হয়েছে।’
তিনি জানান, এক দশকে এই প্রথম এত লোক মারা গেল। তরুণরা একটি রাজনৈতিক সমাধান চাচ্ছে। শিক্ষিত তরুণরা স্বাধীনতার পথ বেছে নিচ্ছেন। বুরহানও একটি শিক্ষিত পরিবার থেকে এসেছিলেন। শুধু একটি সমাধানের আশায় তরুণরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন। এটাকেই তারা একমাত্র সমাধাণ মনে করছেন।
কাশ্মিরের লেখক ও স্বাধীনতাকর্মী মুশতাকুল হক আহমাদ সিকান্দার। তিনি জানান, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং পুলিশের নির্মমতার মধ্য দিয়ে কাশ্মিরের তরুণদের সম্মান ধূলিসাৎ করে দেয়া হয়েছে। তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক চাহিদা পূরণ করা হচ্ছে না। কোনো উপায় না পেয়েই তরুণরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন।তারা শান্তিপূর্ণভাবেই সমস্যার সমাধান চায়। কিন্তু তা হচ্ছে না।
জেড/কেবি/এমআইএস





