ইয়েমেনের রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দখল করেছে শিয়া হাউথি বিদ্রোহীরা। এ ঘটনার পর পরই জাতিসংঘের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে 'পরবর্তী পদক্ষেপ' নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার শাসন ক্ষমতা দখলে নেয় হাউথি বিদ্রোহীরা । গত বছরের সেপ্টেম্বর থেকে সানা দখল করে রেখেছে হাউথিরা। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে হাউথিরা অবরুদ্ধ করে রাখার ঘটনায় তারা পদত্যাগ করেন।

রাজধানী সানার রিপাবলিকান প্যালেস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে হাউথি নেতারা বলেন, তারা পাঁচ সদস্যবিশিষ্ট 'প্রেসিডেন্সিয়াল কাউন্সিল' গঠন করেছেন। পাশাপাশি সংবিধান স্থগিত করে ৫৫১ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন জাতীয় কাউন্সিলের ঘোষণা দেওয়া হয়েছে।

হাউথিদের এ ঘোষণার পর পরই শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হাউথিরা আন্তর্জাতিক নীতিমালা ভঙ্গ করেছে। চলমান সঙ্কট নিরসনে জাতিসংঘের উদ্যোগে নেওয়া আলোচনায় হাউথিরা না এলে তাদের বিরুদ্ধে 'পরবর্তী পদক্ষেপ' নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে দেশটিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার পদত্যাগের পর সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নেওয়ার সময় বেঁধে দেয় হাউথি বিদ্রোহীরা। গত বুধবার তাদের ডেডলাইন পার হয়।খবর বিবিসি ও আল-জাজিরার।

ইআর