এবার ঘুষের টাকার ভাগবাটোয়ারা নিয়ে পুলিশে পুলিশে মারামারির ভিডিওটি ভাইরাল হলো সোসাল মিডিয়ায়। তবে ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতের লখনউয়ে।

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, দেশটির প্রভাবশালী টেলিভিশন চ্যানেল এনডিটিভিতেও খবরটি ফলাও করে প্রচার করা হয়।   

রোববার এই গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ও পথচারীদের মোবাইলে।

প্রকাশিত খবরে জানা যায়, লখনউয়ের ইতাউঞ্জা এলাকার চার মাথার মোড়ে সারা দিনই অসংখ্য গাড়ি চলাচল করে। ব্যস্ত রাস্তার সংযোগস্থলে দায়িত্ব পালন করেন  বেশ কয়েকজন পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যান নিয়ন্ত্রণ করা ছাড়াও প্রায় প্রতিটি ট্রাকের দিকেই হাত বাড়িয়ে দেয় পুলিশ সদস্যরা। এটা তাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। তবে রোববার এই ঘুষ নিয়েই গণ্ডগোল বাধে ওই পুলিশ সদস্যদের মধ্যে।

এক পথচারী জানিয়েছেন, ঘুষ নেয়ার জন্য ট্রাকচালকের দিকে হাত বাড়িয়েছিলেন এক ট্রাফিক পুলিশ। সঙ্গে সঙ্গে কাছেই দাঁড়ানো অপর ট্রাফিক পুলিশও এগিয়ে আসেন। ঘুষের বখরা চান তিনি। আর তা নিয়েই প্রকাশ্য দিবালোকে লোকজনের সামনেই বেসামাল হয়ে পড়েন ঘুষের লোভে অস্থির পুলিশ সদস্যরা।

প্রথমে ধাক্কাধাক্কি-ঠেলাঠেলি, এরপরে শুরু হয় লাথি-ঘুষি। এখানেই শেষ নেয়, হাতের লাঠি দিয়েও একে অপরের প্রতি ঝাঁপিয়ে প়ড়েন তাঁরা। তাদের দুজনকে ছাড়াতে আসেন আরো দুই পুলিশ সদস্য। তবে তারা কোনোভাবেই দুজনকে লড়াই থেকে ফেরাতে পারছিল না। ঘটনা দেখে দৌড়ে আসেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। লড়াই থামাতে চেষ্টাও করেন তিনি।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বীরেন্দ্র যাদব নামে এক পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

তবে গোটা ঘটনাটা অস্বীকার করে পুলিশ সুপার মঞ্জিল সাইনি জানিয়েছেন, ঘুষের বখরা নয়, এলাকায় ট্র্যাফিক জ্যাম সরাতেই নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়েছেন পুলিশকর্মীরা।

ভারতে পুলিশ সদস্যদের মধ্যে এ ধরনের লাঠালাঠির ঘটনা ইদানিং হরহামেশাই ঘটছে।যা আপলোড হচ্ছে ইউটিউবে। সেই ভিডিও ফুটেজও ভিজিট করছেন অনেকেই।

কেবি