মিশরের মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মুহাম্মদ আল বেলতাগি এবং ধর্মীয় নেতা সাফওয়াত হেগাজিকে মঙ্গলবার ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া, মুহাম্মদ জেনাতি এবং আজিম মুহাম্মদ নামে অপর দুই ডাক্তারকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বছরের জুলাই মাসে বিক্ষোভ চলাকালে পুলিশদের আটক করে হত্যা চেষ্টা এবং নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের সবাইকে এ দণ্ড দেওয়া হয়।

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে গত বছর ৩ জুলাই অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। প্রতিবাদে মুরসি সমর্থকরা শান্তিপূর্ণ বিক্ষোভ করে। বিক্ষোভ দমন করার জন্য মাঠে নেমে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী হত্যাযজ্ঞ শুরু করে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মতে, রাব্বা আল আদাবিয়া'তে সরকারি বাহিনীর হামলায় ৮১৭ জন নিহত হয়।

এক পর্যায়ে মুরসি সমর্থক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর মধ্যে সংঘাত হয়। যাহোক, ডিসেম্বর মাসে মুসিলম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে সরকার। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।

কে এই মুহাম্মদ আল বেলতাগি?

মুহাম্মদ আল বেলতাগি পেশায় একজন ডাক্তার। তিনি ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, বেলতাগি মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

মুহাম্মদ মুরসিকে মিশরের সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করলে সারাদেশে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ আল বেলতাগি। এরপর গত বছরের ২৩ আগস্ট গিজা শহর থেকে তাকে আটক করে পুলিশ।

মুহাম্মদ আল বেলতাগির মেয়ে আসমা বেলতাগি বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় শত শত মানুষের সাথে মারা যান ১৭ বছর বয়সী আসমা বেলতাগি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই