আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে বলে তা দেখা সম্ভব হবে না। ফলে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, যা চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তার মতে, আবুধাবিতে রমজানের শুরুতে দৈনিক রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। দিনের আলোর দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর মাস শেষে তা বাড়বে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুরুর দিকে উত্তর দিকের শীতল বাতাস প্রবাহিত হলেও মাসের শেষভাগে বসন্তকালীন আবহাওয়া এবং পশ্চিমা বাতাসের প্রভাব দেখা যাবে।

এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মৌসুমি গড় হিসাবে রমজান মাসে বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

এনএইচ