চার্চে ছুরিকাঘাতে যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য (এমপি) স্যার ডেভিড অ্যামস নিহত হয়েছেন। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, এএফপি’র খবরে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, এসেক্সের বেলফেয়ার্স মেথোডিস্ট গির্জায় নির্বাচনি সভায় এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র পুলিশ গির্জাটি ঘিরে রেখেছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় আরও কাউকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে না।
এর আগে তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানিয়েছিল অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানায়, লে-অন-সি’র ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আমরা এই ছুরিকাঘাতের খবর পাই। কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এমবি





