বিহারে বৃহস্পতিবার ভোরে একটি স্থলমাইন বিস্ফোরণে সিআরপিএফের দুই জওয়ান নিহত ও অপর চারজন আহত হয়েছে। জামুই ও মুঙ্গেরের মাঝামাঝি স্থানে এটির বিস্ফোরণ ঘটানো হয়। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে জামুইয়ে আজ ভোট গ্রহণ চলছে।
স্থানীয় সময় ভোর ৪টার দিকে সিআরপিএফের টহলরত একটি জীপ স্থলমাইনের বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়া হয়। এতে আহত জওয়ানদের মুঙ্গেরে নেয়া হয়েছে।
ভারতের নির্বাচন বর্জনকারী নকশাল এ হামলার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ সপ্তাহের শুরুর দিকে বিহারের গয়ায় মাওবাদীদের পেতে রাখা ছয়টি স্থলমাইন উদ্ধার করা হয়। বিস্ফোরক নিষ্ক্রিয় করার চেষ্টা চালানোর সময় তিন সৈন্য নিহত হওয়ার একদিন পর এসব স্থলমাইন উদ্ধার করা হয়।
ভারতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এ রাজ্যের নকশাল উপদ্রত জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করেছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]