কংগ্রেসে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও রাজনীতিক নবজ্যোৎ সিং সিধুর স্ত্রী নবজ্যোৎ কৌর। ২৮ নভেম্বর আওয়াজ-ই-পাঞ্জাব দলের নেতা পারগত সিংয়ের সঙ্গে কংগ্রেসে যোগ দেবেন তিনি। চলতি বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়েন নবজ্যোত কৌর।

নবজ্যোত ও পারগতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাঞ্জাব রাজ্য কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং। তিনি বলেন, সমমনা লোকদের যোগদানের মধ্য দিয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থান আরো মজবুত হবে।

পাঞ্জাবে আকালি দল ও বিজেপির জোট সরকারে সাবেক মন্ত্রী ছিলেন নবজ্যোত কৌর। আর ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও বিধায়ক ছিলেন পারগত সিং।

কংগ্রেসে যোগদানের সিদ্ধান্তের আগে দুজনই চণ্ডীগড়ে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন। এর পর তাঁরা পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রীর বাসায় যোগদানের আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলেন।

এর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করে বিজেপির সঙ্গে দশকের বেশি সময়কার সম্পর্কে বিচ্ছেদ ঘটান সিধু। তিনিও কংগ্রেসে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

সেপ্টেম্বরে আওয়াজ-ই-পাঞ্জাব গঠন করেন সিধু। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) সঙ্গে বনিবনা না হওয়ার পরিপ্রেক্ষিতে সিধু নতুন দল গঠন করেন। কেজরিওয়ালের সমালোচনা করে সিধু বলেন, তিনি একনায়কের মতো এএপি চালাচ্ছেন। সিধু আরো বলেন, কেজরিওয়াল শুধু ‘জি হুজুর’ মার্কা লোকজনকে দলে রাখতে চান।

জেড