করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সাথে ভারতের স্থলবন্দর খুলে দিতে ভারতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘এতে দুই দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।
গতকাল (৩০ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ করেন। খবর ইউএনবি’র।
এছাড়াও ড. মোমেন মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় দুই কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করতেও ভারতকে অনুরোধ করেছেন।
স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে, বলেন তিনি।
এসময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. মোমেন ৬ষ্ঠ জেসিসি এর মন্ত্রী পর্যায়ের সভা সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।





