অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তা বেড়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ৫০ দিনের যুদ্ধের মধ্য দিয়ে এ জনপ্রিয়তা বেড়েছে বলে এক মতামত জরিপে উঠে এসেছে। এ মতামত জরিপের ফলাফল প্রকাশ করেছে প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ।

জরিপে দেখা গেছে, এখনি নির্বাচন হলে ফিলিস্তিনের ৬১ শতাংশ মানুষ হামাস নেতা ইসমাইল হানিয়াকে নির্বাচিত করবেন। অন্যদিকে ফিলিস্তিনি ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভোট দেবেন মাত্র ৩২ শতাংশ ফিলিস্তিনি।

এ মতামত জরিপে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টি এবং তথাকথিত শান্তি আলোচনার সঙ্গে হামাসের প্রতিরোধ যুদ্ধের তুলনা করা হয়েছে। এতে দেখা গেছে, কথিত শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে প্রতিরোধ যুদ্ধের প্রতি সমর্থন ঘোষণা করেছেন ৭২ শতাংশ ফিলিস্তিনি।

১,২৭০ জন ফিলিস্তিনের ওপর চালানো এ মতামত জরিপে মাত্র তিন শতাংশ ভুলের আশংকা রয়েছে বলে জানানো হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধের শেষ দিনটিতে অর্থাৎ ২৬ আগস্ট এ মতামত জরিপ শুরু করা হয় এবং যুদ্ধবিরতির প্রথম চারদিন তা অব্যাহত থাকে।

৫০ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অন্তত ৬৯ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে তেল আবিব। কিন্তু প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে হামাসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের রকেট হামলায় তেল আবিবের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়াসহ সমগ্র ইসরাইল আতংকপুরীতে পরিণত হয়েছিল।

ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ সত্ত্বেও এ রকেট হামলা বন্ধ হয় নি। মার্কিন সহায়তায় নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হামাসের রকেট কার্যকরভাবে প্রতিহত করতে পারে নি।

স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজার নিরপরাধ জনগোষ্ঠীর ওপর চালানো ইসরাইলি পাশবিক হামলায় ২,১০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ ও অন্তত ১১,০০০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।(সূত্র: আইআরআইবি)

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর