ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসের ঘটনায় সরাসরি দায়িত্ব পালনকারী তিন কর্মকর্তাসহ নির্মাতা প্রতিষ্ঠান আইভিআরসিএল-এর ৮ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উত্তর কলকাতার বড়বাজার অঞ্চলের জোড়াসাঁকো এলাকায় নির্মাণাধীন ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির ২৫০ মিটার অংশ ধসে পড়ে। এতে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আইভিআরসিএল-এর বিরুদ্ধে পোস্তা থানায় মামলা করে পশ্চিবঙ্গ রাজ্য সরকার। এরপর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হায়দারাবাদ থেকে দুজন ও কলকাতার আঞ্চলিক কার্যালয়ে থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়াল বলেন, ফ্লাইওভার ধসের ঘটনায় আইভিআরসিএল-এর তিন কর্মকর্তা মল্লিকার্জুন রাও, প্রদীপকুমার সাহা ও দেবজ্যোতি মজুমদারকে আমরা গ্রেফতার করেছি।
গ্রেফতার তিন জনই সরাসরি ফ্লাইওভারের নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে মল্লিকার্জুন প্রকল্প ব্যবস্থাপক, প্রদীপ সাহা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও দেবজ্যোতি মজুমদার সাইট ইন-চার্জে ছিলেন।
এদিকে প্রতিষ্ঠানটির এক আঞ্চলিক প্রধানের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে গোয়েন্দারা। তাদের দাবি ফ্লাইওভার ধসের পর থেকেই ওই কর্মকর্তা পলাতক রয়েছেন।
২০০৯ সাল থেকে বিবেকানন্দ ফ্লাইওভারটি নির্মাণ করছিল আইভিআরসিএল। নির্ধারিত সময়সীমা কয়েক দফা পার করেও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
কাজে গাফিলতির অভিযোগে এরই মধ্যে তাদের কার্যালয় সিলগালা করে দিয়েছে পুলিশ।পাশাপাশি নিহতদের স্বজনরাও প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের গ্রেফতার দাবি করে আসছিল।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফ্লাইওভারের বিমের উপর কংক্রিটের স্ল্যাব বসাতে ঢালাই করার সময় বেশ কয়েকটি নাটবল্টু খুলে বেরিয়ে আসে। বিষয়টি শ্রমিকেরা আইভিআরসিএল কর্মকর্তাদের জানিয়ে কাজ বন্ধ করতে বলেন। কিন্তু শ্রমিকদের কাজ চালিয়ে যেতে বলেন কর্মকর্তারা।
এ কারণে ফ্লাইওভার ধসের ঘটনায় প্রাণহানিকে 'অনিচ্ছাকৃত মৃত্যু'র পরিবর্তে হত্যাকাণ্ড বিবেচনা করে 'হত্যা ও ষড়যন্ত্র' মামলা করেছে পুলিশ। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইনডিয়া ও আনন্দবাজার পত্রিকা
ওএফ





