আসাম রাজ্যের বিজেপি-নেতৃত্বাধীন সরকারের অংশীদার অসম গণ পরিষদ (এজিপি)জানিয়েছে, ভরতের কেন্দ্রীয় সরকারকে হিন্দু বাংলাদেশীদের নাগরিকত্ব মঞ্জুর করতে দেবে না।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এজিপি সভাপতি ও কৃষিমন্ত্রী অতুল বোরা বলেন, কেন্দ্র চায় হিন্দু বাংলাদেশীদের এখানে এনে তাদেরকে নাগরিকত্ব দিতে। আমরা এই ধারণা সমর্থন করি না। কারণ এটি ১৯৮৫ সালের ঐতিহাসিক আসাম চুক্তির বরখেলাপ।
তিনি বলেন, ধর্ম যাই হোক না কেন, সব অবৈধ বিদেশীকে আসাম থেকে বিতাড়িত করতে হবে। আসামীয় সমাজ সেক্যুলার। আমরা কখনো ধর্মের ভিত্তিতে অবৈধ বিদেশীদের বিভক্ত করি না।
বিষয়টি ব্যাখ্যা করতে এজিপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবে বলেও বোরা জানান। তিনি বলেন, আসামের স্বার্থে আমরা রাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে দ্বিধা করব না।
এজিপি সভাপতির মতে, স্থানীয় জনসাধারণের প্রয়োজনের ব্যাপারে তাদের আঞ্চলিক দলটি সবসময়ই স্পর্শকাতর।
দলের পক্ষ থেকে তিনি আশ্বাস দেন যে, কোনো অবৈধ বিদেশীর নাম হালনাগাদ করা আসামের জাতীয় নিবন্ধনে অন্তর্ভুক্ত করা হবে না। আর সত্যিকারের কোনো ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়বে না।
আগামী বছর লোকসভা ও আসাম রাজ্য বিধান সভার নির্বাচন একইসাথে হওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে এজিপি সভাপতি বলেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে আলোচনা হতে হবে।
এমবি





