যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস শহরের অন্যতম অভিজাত এলাকা ব্রেন্টউডের অন্তত পাঁচটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি দাবানলে পুড়ে ধ্বংস হয়ে গেছে।
এ ঘটনায় সোমবার মধ্যরাতে ওই এলাকায় বসবাসকারী বেশ কয়েকজন হলিউড তারকা তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন। খবর রয়টার্সের।
ভয়াবহ দাবানলে ১৫ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা পিজিঅ্যান্ডই জানিয়েছে, নয় লাখ ৭০ হাজার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান আগে থেকেই বিদ্যুৎবিহীন রয়েছে। আজ মঙ্গলবার নতুন করে আরো সাড়ে ছয় লাখ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।
ক্যালিফোর্নিয়ার দুটি অংশে দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে। গতকাল সোমবার সকালে দাবানলের আগুন থেকে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী অভিজাত ব্রেন্টউড এলাকার হাজারো বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে।
এর মধ্যে অভিনেতা থেকে জনপ্রিয় রাজনীতিবিদ হওয়া আর্নল্ড শোয়ার্জনেগারসহ বেশ কয়েকজন তারকাও সেখান থেকে সরে যাচ্ছেন।
গেটি সেন্টার শিল্প কমপ্লেক্সের কাছে আগুনের সূত্রপাত হয়। এখানকার দাবানলে প্রায় ৬০০ একর জায়গা পুড়ে ছাই হয়ে গেছে।
অন্যদিকে অঙ্গরাজ্যটির সোনোমা কাউন্টিতে দাবানলের আগুন থেকে বাঁচতে এক লাখ ৮০ হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অঙ্গরাজ্য কর্তৃপক্ষ দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
দাবানল ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত ২৫ লাখ মানুষকে বিদ্যুৎহীন করার অভিযোগে অঙ্গরাজ্যে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি জ্বালানি সংস্থা পিজিঅ্যান্ডইর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে।
পূর্ব নোটিশ ছাড়াই কিছু কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মার্কিন গণমাধ্যমে ব্যাপক সমালোচনাও চলছে।
এএস





