মেয়ে হয়ে জন্মানোয় ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে জন্মের পরপরই মেরে ফেলতে চেয়েছিল তার আপনজন। ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি তার নিজের জীবনের বর্ণনা দিতে গিয়ে ভয়াবহ এই কথা করেন।
দেশের অধিকাংশ মেয়ের মতোই মেয়ে হওয়ার যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকেও।
শুক্রবার ভূপালের এক জনসভায় স্মৃতি ইরানি জানান, ছোটবেলায় তাকে পরিবারের বোঝা মনে করা হত। এমনকি, অনেকেই স্মৃতিকে মেরে ফেলার পরামর্শও দিয়েছিলেন তার মাকে।
স্মৃতি বলেন, "আজ প্রথমবারের জন্য বলছি। যখন আমি জন্মেছিলাম আমার মাকে অনেকে বলেছিল মেয়েরা পরিবারের বোঝা। ওকে মেরে ফেল। কিন্তু আমার মা সাহসী ছিলেন। তিনি এমন কিছু করেননি। তাই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। ভুপাল মডেল স্কুলে কন্যাভ্রুণ হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।"
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, "যখন একজন মেয়েকে শিক্ষিত করা হয় তখন শুধু তাকেই নয়, তার গোটা পরিবারকেও শিক্ষিত করা হয়। যা ভবিষ্যতে দেশের কাজে লাগে।"
এদিন স্মৃতি নিজের উদাহরণ ছাড়াও নরেন্দ্র মোদির উদাহরণ তুলে ধরেন - তিনি কীভাবে একজন চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ।
কন্যাভ্রুণ হত্যা বন্ধ করা বিজেপি সরকারের সর্বপ্রথম কাজ বলে জানান মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। সূত্র: বিএসএস
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





