জার্মানির একটি শহর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের একটি মূর্তি সরিয়ে নেয়া হয়েছে।
সমর্থক এবং সমালোচকদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির পর এরদোয়ানের ১৩ ফুট উঁচু সোনালী রঙের মূর্তিটি সরিয়ে নেয় ভিসবাডেন শহরের কর্তৃপক্ষ।
একটি আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে মূর্তিটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রদর্শনের জন্য জনসমক্ষে আনার পর অজ্ঞাতনামা লোকজন এর গায়ে বড় করে "তুর্কি হিটলার" লিখে রেখে যায়। আর তা নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়লে আয়োজকরা মূর্তিটি সরিয়ে নেন।
ভিসবাডেন ফেস্টিভ্যালের এবারকার থিম ‘ব্যাড নিউজ’ বা দুঃসংবাদ। আয়োজকরা বলছেন, সুস্থ আলোচনা-বিতর্ক শুরু হবে এই আশায় তারা এরদোয়ানের মূর্তিটি তৈরি করেছিলেন।
কিন্তু এই মূর্তি নিয়ে পরে এরদোয়ানের সমর্থক এবং বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্ক এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
শহরের কাউন্সিলর অলিভার ফ্রাঞ্জ বলেন, কিছু মানুষের হাতে ধারালো অস্ত্র ছিল। পরে পুলিশ এবং শহরের মেয়রের মধ্যে এক বৈঠকের পর নিরাপত্তার খাতিরে মূর্তিটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
জার্মানিতে উল্লেখযোগ্য সংখ্যায় তুর্কি বংশোদ্ভূত মানুষ বসবাস করে। তাদের মধ্যে এরদোয়ানের সমর্থক যেমন রয়েছে, বিরোধীও রয়েছে।
গত বছর তুরস্কে এক গণভোটের আগে জার্মানিতে তার প্রচার করতে না দেয়ায় জার্মান সরকারের সঙ্গে এরদোয়ানের সম্পর্ক দারুণ খারাপ হয়ে যায়। সেসময় এরদোয়ান জার্মান মন্ত্রীদের নাৎসিদের সঙ্গে তুলনা করলে জার্মানিতে তীব্র ক্ষোভ তৈরি হয়।
অবশ্য আগামী মাসের শেষ সপ্তাহে এক রাষ্ট্রীয় সফরে জার্মানিতে আসার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্টের। এএস





