সন্ত্রাস মোকাবিলায় সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে থাকার অঙ্গীকার করেছে। নিশা দেশাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাসবাদ মোকাবিলাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ ক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের সহযোগিতা চাইবে বা ঘটনার তদন্তে এফবিআই আসবে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা অ্যাসেসমেন্ট করছি, কী কী ধরনের সহযোগিতা চাওয়া হতে পারে। তার ‍ওপর ভিত্তি করেই জানানো হতে পারে।

সোমবার বেলা ৩টা ১৫ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন নিশা দেশাই বিসওয়াল। তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকালে নিশা দেশাই বিসওয়াল গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গত ১ জুলাই গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর নিশা দেশাই বাংলাদেশে দুইদিনের সফরে আসেন। সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসএম