চীনের একটি হাসপাতালে একজন পুরুষ কর্মচারীর ছুরিকাঘাতে ছয় নার্স ও এক নারী কর্মচারী নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের বেইদাইহি শহরের একটি হাসপাতালের মহিলা হোস্টেলে আজ (বৃহ্স্পতিবার) এ মর্মান্তিক হামলা হয়।

চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ঘাতক কর্মচারী দাবি করেছে, তার মানসিক সমস্যা রয়েছে। ২৭ বছর বয়সি হামলাকারীর নাম লি শিওলং এবং তাকে আটক করেছে পুলিশ।

হাসপাতালটির নারী কর্মচারীদের আবাসিক ভবনে আজ ভোররাতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এতে অন্য এক নার্স আহত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন। তবে কী কারণে এ হামলা হয়েছে এবং রাত্রিবেলায় সে কীভাবে মহিলা হোস্টেলে ঢুকল সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয়নি।

চীনের হাসপাতালগুলোতে মাঝেমেধ্য ক্ষুব্ধ রোগীদের হামলায় চিকিৎসকদের হতাহত হওয়ার ঘটনা ঘটলেও সহকর্মীর হাতে কর্মচারীদের নিহত হওয়ার ঘটনা বিরল।

গত এপ্রিলে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি হাসপাতালে নিজের চিকিৎসায় অসন্তুষ্ট এক রোগী ছুরি মেরে তার ডাক্তারকে হত্যা করেন। এ ছাড়া, গত আগস্টে চীনের ঝেজিয়াং প্রদেশের একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

ইআর