২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় কানাডার টরন্টোর রোকন-জিনোভা নামের একটি ল ফার্ম দেশটির বিখ্যাত পোশাক বিপণন কোম্পানি ল্যাব’ল ও জোয়ে ফ্রেসের বিরুদ্ধে ২০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করতে যাচ্ছে।

রোকন জিনোভার মুখপাত্র জানান, ২০১৩ সালের রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় এক হাজারের বেশি পোশাক-কর্মী প্রাণ হারান। এসব পরিবারের সদস্যরা নিদারুণ কষ্টে আছেন এবং তাঁরা কোনো ক্ষতিপূরণ পাননি।

ওই ভবনের পোশাক কারখানার ক্রেতা ও তৈরি পোশাকের বিপণন প্রতিষ্ঠান হিসেবে ল্যাব’ল ও জোয়ে ফ্রেসের দায়ভার কোনোমতে এড়াতে পারে না। কারণ তাঁরা পোশাক তৈরির সাব-কন্ট্রাকটর হিসেবে রানা প্লাজায় স্থাপিত পোশাক কারখানাগুলোকে দায়িত্ব দিয়েছিল। তারা কর্মস্থলের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করেনি এবং নিয়মিত পরিদর্শনের ব্যবস্থাও রাখেনি।

রোকন-জিনোভার এ অভিযোগের প্রতিবাদ করে ল্যাব’লয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে থেকে তাঁদের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ উন্নত করতে ইতিমধ্যে তাঁরা পাঁচ মিলিয়ন ডলার খরচ করেছেন। ওই কোম্পানিগুলোকে নিয়মিত পরিদর্শনের আওতায় আনা হয়েছে।

শুধু বাংলাদেশ নয়, কম্বোডিয়া ও ভিয়েতনামেও পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের ভবনগুলোর ভবন নির্মাণ নীতিমালা অনুসরণ ও উন্নত কর্ম পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর।

রোকন-জিনোভার আইনজীবীদের দাবি, রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য ল্যাব’ল ও জোয়ে ফে৶স কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে ও ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করতেই মামলার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সিবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ল্যাব’লয়ের মুখপাত্র কেভিন গ্রো বলেন, এটি অযোগ্য মামলা হবে। আমরা এর বিরুদ্ধে আদালতে কোমর কষে লড়ব।

কেএইচ