ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে ভারতে। এবারে একদল ডাকাতের হাতে গণধর্ষণের শিকার হয়েছে উত্তর প্রদেশ রাজ্যের বুলন্দশহরে নয়ডা নিবাসী মা ও মেয়ে।এ ঘটনায় ১৫ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশে গত শুক্রবার রাতে বুলন্দশহরে পুলিশ চৌকির মাত্র ১০০ মিটার দূরে গাড়ি থেকে নামিয়ে মাঠে টেনে নিয়ে গিয়ে মা-মেয়েকে গণধর্ষণের এ ঘটনা ঘটে। রোববার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩৫ বছরের ওই নারী ও তার মেয়ে নিজেদের গাড়িতে করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাহারানপুর যাচ্ছিলেন। বুলন্দশহরে প্রবেশ করতেই মহাসড়কে তাদের গাড়িটি অন্ধকারের মধ্যে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি থামতেই পাঁচ দুর্বৃত্ত এসে তাদের ঘিরে ধরে।
দুর্বৃত্তরা প্রথমে ওই গাড়ির আরোহীদের টাকা ও গয়না লুট করে। পরে তারা পরিবারের সবাইকে মহাসড়কের পাশেই একটি মাঠে টেনে নিয়ে যায়। সেখানে তারা পুরুষদের হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের চোখের সামনেই ওই নারী ও তার ১৪ বছরের মেয়েকে গণধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যদের মধ্যে একজন হাত-পায়ের বাঁধন খুলে পুলিশের কাছে যেতে সক্ষম হন। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ।
বুলন্দশহরের এসএসপি ভৈভভ কৃষান জানিয়েছেন, এ ঘটনায় ১৫ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মূল হোতাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
জেড





