বেলজিয়ামের চারলেরই শহরে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন পুলিশের দুই নারী কর্মকর্তা।শনিবার ছুরিজাতীয় ধারালো অস্ত্র দিয়ে শহরের প্রধান পুলিশ স্টেশনের বাইরে তাদের ওপর হামলা চালানো হয়।

চারলেরই পুলিশ জানিয়েছে, হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছেন। পুলিশ বলছে, হামলার সময় ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে হামলাকারী।বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের নভেম্বর মাসে প্যারিস হামলা এবং মার্চ মাসে ব্রাসেলস হামলার কয়েকজন জঙ্গি চারলেরইকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে।পুলিশ স্টেশনটির আশপাশে লোকজনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে তারা।

এদিকে আহত এক পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশের গুলিতে আহত হামলাকারীর অবস্থাও গুরুতর।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভুক্তভোগী, তাদের স্বজন এবং পুলিশ সদস্যদের সঙ্গে আছি আমি।’

উল্লেখ্য, মার্চ মাসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো রেলওয়ে স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বেলজিয়ামে আরো হামলার হুমকি দেয় উগ্রবাদী এ গোষ্ঠীটি। ওই হামলার পর ফ্রান্স ও জার্মানিতে কয়েকটি হামলা চালিয়েছে তারা।

জেড