ইয়েমেন সংকটের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান সংসদ। পাঁচ দিনের যৌথ অধিবেশনের পর এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব সর্ব সম্মত ভাবে অনুমোদন করেছেন পাক আইন প্রণেতারা।
এতে বলা হয়েছে, ইয়েমেন সংকট নিরসনে কূটনৈতিক ভূমিকা পালনের জন্য পাকিস্তানের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। এতে ইয়েমেনে চলমান আগ্রাসনে রিয়াদকে সামরিক সহায়তা থেকে ইসলামাবাদকে বিরত থাকতে বলা হয়েছে।
ইয়েমেন সংকট সমগ্র মধ্যপ্রাচ্যকে গোলযোগের দিতে ঠেলে দিতে পারে পাক সংসদের প্রস্তাবে আশংকা ব্যক্ত করা হয়। সংঘর্ষে জড়িত পক্ষগুলোকে শান্তিপূর্ণ ও সংলাপের মাধ্যমে তাদের মতপার্থক্য দূরের আহ্বান জানিয়েছে পাক সংসদ।
ইয়েমেনে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইসলামি সহযোগিতা পরিষদ বা ওআইসিকে তৎপর করে তোলার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সংসদ।
ইয়েমেনে আগ্রাসনে জড়িত সৌদি জোটে যোগ দেয়ার এবং জঙ্গিবিমান, যুদ্ধজাহাজ ও সেনা প্রেরণের জন্য ইসলামাবাদের প্রতি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পর সংসদের যৌথ অধিবেশন ডাকা হয়েছিল। গত মাসের ২৬ তারিখ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব।
জেডআই





