কাঠমন্ডু, নেপাল: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ১৮তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন রোববার সকাল সাড়ে ন’টায় শুরু হয়েছে স্ট্যান্ডিং কমিটির দুই দিনের বৈঠক।
নেপালের রাজধানী কাঠমন্ডুর হোটেল সল্টেতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক।
সার্কের স্ট্যান্ডিং কমিটির ৪১তম এই সভার উদ্বোধন করেন কমিটির বর্তমান চেয়ারম্যান মালদ্বীপের প্রতিনিধি দলের প্রধান আলী নাসের মোহাম্মদ।
প্রথা অনুযায়ী এরপর চলতি সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এবং নেপাল প্রতিনিধি দলের প্রধান শংকর দাস বৈরাগীকে সভাপতি নির্বাচিত করা হয়।
স্ট্যান্ডিং কমিটির বৈঠক চলবে আগামীকাল (সোমবার) বিকেল পর্যন্ত। দুই দিনের বৈঠকে আলোচনার জন্য বিশাল এজেন্ডাবহর পেশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া স্ট্যান্ডিং কমিটির কাছেই গতকাল (রোববার) অনুষ্ঠিত প্রোগ্রামিং কমিটির সুপারিশ ও প্রতিবেদন পেশ করা হবে। অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন তহবীল সংক্রান্ত সার্কের কেবিনেট সচিবদের দ্বিতীয় দফা সভার প্রতিবেদনের খুঁটিনাটি বিশ্লেষণও থাকছে দুই দিনের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে।
এছাড়া দারিদ্র দূরীকরণ, খাদ্য-নিরাপত্তা ও গ্রামীন উন্নয়ন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ, জ্বালানি, কৃষি, জৈব-প্রযুক্তি, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা, সন্ত্রাস, শিক্ষা এবং নেশা জাতীয় উপকরণের বিস্তার রোধসহ নানা বিষয়ে সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।
সার্ক সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে আন্ত-সহযোগিতা বৃদ্ধির কলা-কৌশল নির্ধারণ ও সার্ক এপেক্স বডিসহ (সহযোগী সংগঠন) সার্ককে ঘিরে যেসব সংস্থা করছে তাদের মধ্যে কাজের সমন্বয় সাধনসহ আঞ্চলিক সহযোগিতা সংগঠন হিসেবে গোটা সার্ককে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে।
দুই দিনের স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে এর প্রতিবেদন সার্ক মন্ত্রীদের কাউন্সিলে পেশ করা হবে। সার্কভূক্ত আট দেশের পররাষ্ট্র মন্ত্রীদের অংশগ্রহনে কাঠমন্ডুতে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

দি হিমালয়ান টাইমসের প্রতিবেদন
নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও সার্ক স্ট্যান্ডিং কমিটির নতুন চেয়ারম্যান শংকর দাস বৈরাগীর বরাত দিয়ে দেশটির প্রভাবশালী ইংরেজী দৈনিক দি হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্ট্যান্ডিং কমিটির দুই দিনের সভায় সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা একটি বিশ্লেষণধর্মী মতামত পেশ করবেন। সেই মতামত প্রতিবেদনে থাপার মেয়াদকালে সার্কের অগ্রগতি এবং ভবিষ্যত কর্মপন্থা কী হতে পারে তার দিক-নির্দেশনা থাকবে।
চীনসহ সার্কের অবজারভার বা পর্যবেক্ষকের মর্যাদাপ্রাপ্ত নয়টি দেশের সাথে সার্ক সদস্যভূক্ত আট দেশের সম্পর্ক বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তাও স্থান পেয়েছে স্ট্যান্ডিং কমিটির সভার এজেন্ডায়। সার্ক ফোরামে নয় পর্যবেক্ষক দেশের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হবে দুই দিনের সভায়।
শংকর দাস বৈরাগীর বরাত দিয়ে দি হিমালয়ান টাইমস আরও জানায়, সার্কের সর্বোচ্চ সম্মেলনগুলোতে এ যাবত প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হয়েছে এবং এ অঞ্চলের মানুষের দোড়-গোড়ায় কিভাবে সার্কের সেবা পৌঁছে দেয়া যায় আলোচনায় তাও স্থান পাবে।
‘Deeper Integration for Peace and Prosperity’ অর্থাৎ শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর যৌথপ্রয়াস-এমন প্রতিপাদ্যকে সামনে রেখে নেপালের রাজধানী কাঠমন্ডুতে শুরু হওয়া ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে যাতে এই স্লোগানের সত্যিকারের বাস্তবায়ন হয় সেই বিষয়কে স্ট্যান্ডিং কমিটির সভায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
এ অঞ্চলের আন্ত-বাণিজ্য ও সম্পর্ককে আরও জোরদার করতে সড়ক ও রেল যোগাযোগ এবং জ্বালানী সহায়তা সংক্রান্ত যেই চুক্তি এবারের সার্ক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে তা স্ট্যান্ডিং কমিটির সভায় প্রস্তুত করা হবে।
নেপালের কাঠমন্ডুর সার্ক মিডিয়া সেন্টার থেকে





