দিল্লির বিজেপি বিধায়ক জিতেন্দ্র সিং শান্টিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

বুধবার ভোর ৫টার দিকে দিল্লির বিবেক বিহার এলাকায় বিধায়কের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই অপরিচিত ব্যক্তি সকালে বিধায়কের বাড়িতে এসে কলিং বেল বাজায়। বিধায়ক বাইরে এলে তাঁকে কয়েকটি কাগজে সই করার জন্য অনুরোধ করা হয়। বিধায়ক কাগজপত্র দেখতে শুরু করার পরেই আচমকা তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতিকারীরা। ধাক্কাধাক্কি চলার সময়ে এক দুর্বৃত্ত পিস্তল বের করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। অল্পের জন্য সবকটি গুলিই লক্ষ্যভ্রস্ট হয়। এরপরই আতঙ্কিত বিধায়ক চিৎকার শুরু করলে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতি। ঘটনার জড়িতদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

বিধায়ক প্রাণে বাঁচলেও এ ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। 

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই