ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ হাজার ৫৫২ জন করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন।

জানুয়ারি থেকে এই ভাইরাসটি একের পর এক মানুষকে তার আক্রমণের লক্ষ্য করেছে, গত ২৪ ঘণ্টায় তার প্রভাব এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।

রোজই যেন নতুন করে সংক্রমণের এক নতুন রেকর্ড গড়ছে কোভিড- ১৯। খবর এনডিটিভি।

শনিবার (২৭ জুন) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে, সব মিলিয়ে ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ০৮ হাজার ৯৫৩ জন।
একদিনের মধ্যে আরও ৩৮৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ফলে দেশে মোট ১৫ হাজার ৬৮৫ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস।

শুক্রবারও, ভারতে একদিনে আক্রান্ত হয় ১৭,০০০ এরও বেশি মানুষ। যে দ্রুতগতিতে সংক্রমণের মাত্রা বাড়ছে তাতে দেখা যাচ্ছে যে, দেশে ৫ লক্ষেরও বেশি মানুষকে কাবু করতে মাত্র ১৪৯ দিন সময় নিয়েছে করোনা ভাইরাস। গত আট দিন ধরে ভারতে দৈনিক কমপক্ষে ১৪,০০০ মানুষ এই রোগের কবলে পড়েছেন।

এমবি