সিরীয়ায় সরকারী বাহিনী এবং বিদ্রোহীদের সংঘর্ষে আলেপ্পোতে গত দুদিনে ১৮০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার নিহত হয়েছেন অন্তত ৯০ জন।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলছে, গত ১৫ দিনে আলেপ্পোতে অন্তত ৪১ জন নারী ও ৭৬ জন শিশুসহ মোট ৩২৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছেন বাশার সরকার পরিচালিত বোমা হামলায়।

তবে দেশটির সরকার বলছে এ হামলায় বিদ্রোহীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আলেপ্পোর স্থাণীয় সংবাদকর্মী যৌহির আল-শিমেল জানান, যতক্ষণ না বিদ্রোহীরা পিছু হটছে সরকার এ হামলা বন্ধ করবেনা বলেই মনে হচ্ছে।

হামলায় নিহত বেশির ভাগই আলেপ্পো প্রদেশের। তিনি আরো জানান, হামলার সময় আলেপ্পো ছেড়ে পালানোর সময় আল-ফিরদৌস বাসস্ট্যান্ডের কাছে অন্তত ৫০ জন নিহত হন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে আলেপ্পোর বিদ্রোহী দমনে গত বছর জুলাই থেকে সবধরণের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় সরকারী বাহিনী। এতে অবরুদ্ধ হয়ে পড়ে শহরটির অন্তত আড়াই লাখ বাসিন্দা।

এমএনজে