মিশরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভুল করে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ঘটনায় মেক্সিকান পর্যটকসহ ১২ জন নিহত হয়েছে। এ সময় সৈন্যরা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পর্যটকরা চারটি গাড়িতে করে যাচ্ছিল। গাড়িগুলো ওয়েস্টার্ন ডেজার্টের ওয়াহাতের একটি সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিল।

এই ঘটনায় ১০ মেক্সিকান ও মিশরীয় আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মন্ত্রণালয় জানায়, এই ঘটনা তদন্তে তারা একটি টিম গঠন করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তিনি ‘মিশর সরকারের কাছে এই ঘটনার একটি পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছেন।’

মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রণালয় এই ঘটনায় মেক্সিকোর অন্তত দুজন নাগরিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানায়, তার অন্যান্য হতাহতদের বিষয়ে খবর সংগ্রহে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মিশরে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এই ঘটনায় আহত ৫ মেক্সিকানকে দেখতে স্থানীয় হাসপাতাল যান। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

জেডআই