নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেছেন, প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে গুমের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের গুম করার রাজনীতি শুরু হয়েছে। আর তা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। হিটলারী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে। দেশ ও প্রবাস থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এ জুলুমবাজ সরকারকে হটাতে হবে।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ হলে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাসাস যুক্তরাষ্ট্র শাখার ইফতার আয়োজন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।

জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন। এসময় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, মার্শাল মুরাদ, দারাদ আহমেদ, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, হাসান মাসুদ, কায়সার আহমেদ, সাদী মিন্টু, সুমন রহমান, ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, শাহাদাৎ হোসেন রাজু প্রমুখ।

চলচ্চিত্র অভিনেতা হেলাল খান আরো বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই। সরকারের অপকর্ম অপশাসনে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই স্বীকার করেছেন যে, লুট করা অর্থ নিয়ে বিদেশে পালাতে হবে। কিন্তু বিএনপি তা হতে দেবে না। সব অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, দেশে যখনই ক্রান্তিকাল আসে তখনই জাতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসায়। তিনি বলেন, আগামী নির্বাচন হবে হাসিনা বিহীন অর্থাৎ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে না। আর এ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হবে।

পরে ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়।

সেলিম/জারিফ