মধ্য আফ্রিকায় জাতিসংঘ মিশনে (MINUSCA) নিয়োজিত শান্তিরক্ষীদের একটি কনভয়ের ওপর বিদ্রোহীদের অতর্কিত হামলায় তিন বাংলাদেশী শান্তিরক্ষী আহত হয়েছেন।

জাতিসংঘ ফোর্সহেড কোয়ার্টার থেকে ফেরার পথে মিনুস্কার একটি ট্রানজিট ক্যাম্পের প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজন পাকিস্তানী শান্তিরক্ষী নিহত এবং তিনজন বাংলাদেশীসহ মোট ৫ জন আহত হন।

আহত বাংলাদেশীরা হলেন- ১৮ বীরের সৈনিক মো. ইকবাল হোসেন, ২৯ বীরের সৈনিক জসিম উদ্দিন এবং সৈনিক মোয়াজ্জেম হোসেন। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় ইকবাল হোসেনকে দ্রুত মপোকো ক্যাম্পে ফরাসী হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর দুইজনকে স্থানীয় ব্যানমেড হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

মো. ইকবাল হোসেনের বাড়ি সাতক্ষীরা জেলার মুকুন্দপুর গ্রামে। তার পিতার নাম মো. গোলাম মোস্তফা। জসিম উদ্দিনের বাড়ি বরগুনা জেলার সালিয়া থানার নালটোনা গ্রামে। তার পিতার নাম মো. হাসান আলী এবং মোয়াজ্জেম হোসেন ঝালকাঠি জেলার মুরাফাতা গ্রামের আবদুল মালেকের ছেলে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে। তাদের সকলের অবস্থা এখন ভালো রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইআর