রাজধানীতে গড়ে উঠা দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় আমেরিকান বিশ্ববিদ্যালয়ে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে অন্তত ১৪ জন এবং আহত প্রায় অর্ধশতাধিক।
বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় সেখানে বিস্ফোরণ ও গুলির আওয়াজ শোনা যায়। নিহতদের মধ্যে ৭জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ৩ জন পুলিশ ও ২ জন গার্ড রয়েছে। ঘটনাটি ঘটার সময় প্রায় ৭৫০ জন ছাত্র বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলার কারণে ক্যাম্পাসে অনেকে আটকা পড়েছেন। এছাড়া সেখানে সন্ত্রাসীরাও রয়েছেন। তবে তাদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, হামলার পরপরই চিরুনি অভিযান শুরু করেছে আফগান নিরাপত্তা বাহিনী। তবে এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ।
এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়ক থেকে অপহরণ হয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপক। এখনো তাদের উদ্ধার করা যায়নি। মার্কিন এ বিশ্ববিদ্যালয়টি চালু হয় ২০০৬ সালে। এখানে ছাত্রের সংখ্যা ১৭০০।
জেড





