কলকাতায় অবস্থিত ঐতিহাসিক টিপু সুলতান মসজিদে শুক্রবার ব্যাপক হট্টগোল দেখা দিয়েছিল। সপ্তাহের শুরুতে এ মসজিদের শাহী ইমাম সৈয়দ নূর উর রেহমান বরকতিকে বরখাস্ত করা হয়।

শুক্রবার তিনি ওই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন। এ সময় মসজিদের বাইরে তাকে বাধা দেয়া হয়। ফলে সৃষ্টি হয় হট্টগোল। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

রিপোর্টে বলা হয়েছে, ইমাম বরকতিকে সপ্তাহের শুরুতে বরখাস্ত হয়। শুক্রবার তিনি দাবি করেন, ওই মসজিদে গেলে তার ওপর আক্রমণ চালায় এক ব্যক্তি। এ সময় তাকে ওই মসজিদ থেকে চলে যেতে বলে।

ইমাম বরকতি বলেন, কেউ একজন আমার মাথার পিছন দিকে আঘাত করে। আমার সন্দেহ এ হামলার নেপথ্যে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। মসজিদ কমিটি যে পরিস্থিতি সৃষ্টি করেছে তারা তার সুবিধা নিচ্ছে।

তিনি আরও দাবি করেন, যেসব অন্যায়, অনিয়ম হচ্ছে তার বিরুদ্ধে তার কণ্ঠ ছিল জোরালো। এ জন্য তার ওপর হামলা হয়েছে।

একই সঙ্গে তিনি আরএসএস’কে এমন নোংরা খেলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফতোয়া দেয়ার কারণে ইমাম বরকতিকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আছে।

এমবি