মিশরের রাজধানী কায়রোয় চলমান যুদ্ধবিরতির আলোচনায় এখনো কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের অন্যতম শীর্ষ নেতা মুসা আবু মারজুক বুধবার রাতে কায়রোয় এ কথা বলেছেন। মিশর সরকারের মধ্যস্থতায় কায়রোয় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চলছে।

হামাস নেতা ইসমাইল রাদওয়ান আল-জাজিরাকে বলেন, "যুদ্ধবিরতি নবায়ন করা হবে না; প্রকৃত অর্জন ছাড়া এটা নবায়ন করা যায় না। যখন আমরা কথা বলি, তখন হামাসের দাবির প্রতি কোনো সাড়া দেওয়া হয়নি। এর অর্থ হলো আলোচনা থেকে কোনো প্রধান সাফল্য নেই।"

এর আগে, ইসরাইল বলেছে তারা শুক্রবারের সময়সীমার পরেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত রয়েছে। তবে, মারজুক বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়নোর বিষয়ে এখনো কোনো সমঝোতা হয় নি। স্থায়ী বিরতি সম্পর্কে হামাস বলে আসছে- গাজার ওপর থেকে আট বছরের অবরোধ তুলে নিতে হবে।

অন্যদিকে, মিশরের কর্মকর্তারা বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিদল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে।

গত মঙ্গলবার সকাল থেকে ইসরাইল ও হামাসের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয় এবং শুক্রবার সকালে তার মেয়াদ শেষ হওয়ার কথা। ২৯ দিনের আগ্রাসনে ইসরাইল গাজা উপত্যকায় নিরপরাধ বেসামরিক লোকজনের ওপর গণহত্যা চালিয়েছে। এতে শহীদ হয়েছেন প্রায় ১,৯০০ ফিলিস্তিনি এবং আহত হন ৯,৫০০ মানুষ।

এদিকে, ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী- ৬৪ যায়নবাদী সেনা নিহত ও ১,৬২০ জন আহত হয়েছে। আর বেসামরিক নাগরিক মারা গেছে মাত্র তিনজন। এরইমধ্যে গাজা উপত্যকার কাছ থেকে সব সেনা প্রত্যাহার করেছে যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার। এছাড়া, যুদ্ধের জন্য তলব করা ২৭,০০০ সেনাকে বাড়ি পাঠানো হয়েছে।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি