শক্ত লাঠি দিয়ে বৃদ্ধ স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিও থেকে ৬০ কিলোমিটার দূরে নাকাই শহরে। ৪০ বছর আগের একটি প্রেমকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটে।
বুধবার এনডি টিভি'র খবরে বলা হয়, পুলিশের হাতে আটক অভিযুক্ত নারীর নাম ওসিকো সুজুকি (৭৯)। তার নিহত স্বামীর নাম মাসাহারু (৭৯)।
পুলিশকে অভিযুক্ত বৃদ্ধা বলেছে, "৪০ বছর আগে এক নারীর সাথে সম্পর্কের কারণে আমার স্বামী চাকুরি হারিয়েছিল। এ বিষয়টা নিয়ে আমরা প্রায়ই ঝগড়া করতাম।" টিভি আসাহি'র খবরে বলা হয়, গত বছর বৃদ্ধ ও বৃদ্ধার মধ্যকার একটি ঝগড়ার বিষয়ে হস্তক্ষেপ করেছিল পুলিশ।
ওসিকো সুজুকি এবং মাসাহারু তাদের ৪৩ বছর বয়সী কন্যার সাথে বসবাস করতেন। ঘটনার দিন তাদের কন্যা বাড়ির বাইরে বাজার করতে গিয়েছিল।
বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার রাতের হত্যাকাণ্ডের ঘটনায় ওসিকো সুজুকি'কে গ্রেফতার করা হয়েছে সোমবার। এরপর মঙ্গলবার কানাগাওয়া জেলার সরকারি আইনজীবীর কাছে তাকে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, প্রতারণা করায় নিজের স্বামীকে গত বছরের আগস্ট মাসে ৭০ বছর বয়সী এক জাপানী নারী কফির কাপ দিয়ে বারবার আঘাত করে হত্যা করে। সূত্র: এনডিটিভি, এএফপি।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





