থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ গ্রহণ করেনি প্রধান বিরোধীদলের নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভকারীরা।
তারা বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
বিক্ষোভকারীদের বাঁধার কারণে কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ব্যাহত হয়েছে।
তবে দেশেটির কর্তৃপক্ষ দাবি করেছে, অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
বিবিসি'র খবরে বলা হয়েছে, রাজধানী ব্যাংককের ৬,৬৭১টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৩৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম বাঁধাগ্রস্থ হয়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চলের ৯টি প্রদেশে কোন ভোট গ্রহণ করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দল নির্বাচনে জয় লাভ করতে যাচ্ছে। তবে আইনী জটিলতা এবং সংসদে যথেষ্ট সংখ্যক এমপি না থাকলে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিবে।
গত নভেম্বর মাসে ‌'রাষ্ট্রবিরোধী অপরাধের ক্ষেত্রে সাধারণ ক্ষমা সংক্রান্ত আইন' পাশ করার উদ্যোগ নেয় বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার।
এই উদ্যোগ গ্রহণের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করতে নামে বিরোধীদল। তারা বলছে, ইংলাক সিনাওয়াত্রা তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফিরিয়ে আনতেই নতুন আইন পাশ করতে চাচ্ছে।
একটি মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে স্বেচ্ছায় নির্বাসনে যান সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

নিরাপত্তা জোরদার:
নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দেশটির 'জাতীয় নিরাপত্তা কাউন্সিলের' প্রধান পেরাডরন প্যাটানাটাবাটর বলেন "সব মিলিয়ে দেশের পরিস্থিতি শান্ত এবং সকালে আমরা কোনো ধরনের সহিংসতার খবর পাইনি"।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ১ লাখ ৩০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।
রাজধানী ব্যাংককে মোতায়েন করা হয়েছে ১২ হাজার সৈন্য।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই