মরক্কোতে ভারী বৃষ্টিপাতরে পর সৃষ্ট বন্যায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। বন্যায় ভেসে গেছে অনেক বাড়ি-ঘর, গাড়ি ও রাস্তাঘাট। মরক্কোর দক্ষিণাঞ্চলে সংঘটিত এই বন্যায় দুই শতাধিক লোক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
মরক্কোর দক্ষিণাঞ্চলে বছরের এই সময়ে বৃষ্টি ও বন্যা একটি সাধারণ দৃশ্য। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় মরু এলাকায় এ বন্যা দেখা দেয়। তবে, স্থানীয় অধিবাসীরা বন্যায় ক্ষয়ক্ষতির জন্য সরকারি কর্তৃপক্ষের উদাসীনতা ও পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়াকে দায়ী করে থাকেন।
এদিকে, প্রাণহানির ঘটনায় সোমবার স্থানীয় অধিবাসীরা বিক্ষোভ করেছেন। এর আগেও বিভিন্ন সময়ে এ ঘটনার প্রতিবাদে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে।
মরক্কোর বাদশাহ মোহাম্মদ স্থানীয় কর্তৃপক্ষকে বন্যা আক্রান্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় এক নারী জানান, বন্যায় অন্তত তাদের এলাকার ৬০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহত ৩২ জনের মধ্যে ২৪ জনই মরু শহর গুয়েলমিমের বলে জানা গেছে।
সেনাবাহিনী হেলিকপ্টারে করে কয়েক ডজন বন্যায় আক্রান্তকে উদ্ধার করেছে। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন বলে জানা গেছে।
এমএ





