পানামা পেপার্স মামলা নিয়ে বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ের পর শুক্রবার পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। বর্তমান ক্ষমতাসীন দলের বিপরীতে সম্মিলিতভাবে অবস্থান নেয় বিরোধী দলগুলো। বিরোধী দলীয় নেতা খোরশেদ শাহ দাবি করেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। তিনি যৌথ তদন্তের বিষয়টিকে প্রত্যাখান করেন। খোরশেদ শাহ প্রশ্ন তোলেন একজন ক্ষমতাসীন লোকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কতটা হতে পারে।

খোরশেদ শাহ গণমাধ্যমকে বলেন, বিরোধী দলগুলো ক্ষমতাসীন পিএমএল-এন-এর বিরুদ্ধে পার্লামেন্টের ভিতরে ও বাইরে আন্দোলন করতে প্রস্তুত এবং তিনি দেশের মানুষকে বিক্ষোভের জন্য প্রস্তুত হতে আহবান জানান। শাহ বলেন, ‘আমরা বরাবরই ইতিবাচক রাজনীতির পক্ষে। আমরা সব সময়ই গণতন্ত্রের সঙ্গে আছি।’ পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী শেখ আফতাব আহমদ বলেছেন, নওয়াজ শরীফ পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধি এবং তিনি কখনোই পদত্যাগ করবেন না।

আফতাব আহমদ বলেন, সকল রাজনৈতিক দলের উচিত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো এবং যৌথ তদন্ত টিমের কাজের প্রতি বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকা। তিনি বলেন, বিরোধী দলগুলোর দাবি হচ্ছে তাদের হতাশারই প্রতিফলন।

শুক্রবারের এই অধিবেশনে জামাত-ই-ইসলামীর আমীর সিরাজুল হক, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারপার্সন ইমরান খান এবং আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশীদও উপস্থিত ছিলেন। নওয়াজ শরীফের পদত্যাগের বিষয়টি নিয়ে যখন পার্লামেন্টে হট্টগোল শুরু হয় তখন সরকার পক্ষের উপস্থিতি ছিল কম। বিরোধী দলের যারা ছিলেন তারা প্রতিবাদস্বরুপ আসন ছেড়ে উঠে দাঁড়ান। পাকিস্তান পিপলস পার্টির সদস্যরাও টেবিল ছাপড়ে প্রতিবাদ জানান। উল্লেখ করার বিষয় হলো, সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে নওয়াজ শরীফের দল পিএমএল-এন শুক্রবার ‘থ্যাংকসগিভিং ডে’ পালন করে। অন্যদিকে তেহরিক-ই-ইনসাফ দলও শুক্রবারকে ‘রিডনস এ্যান্ড থ্যাংকসগিভিং ডে’ হিসেবে পালন করে।
জেড