যৌনতা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের বক্তব্যে তোলপাড় বয়ে যাচ্ছে। নিজে অবৈধ যৌনতায় না জড়িয়েও বিতর্কিত হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
চলতি সপ্তাহে এইডস নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, "কনডম নিরাপদ ঠিকই, কিন্তু আরও অনেক বেশি নিরাপদ হলো নিজের স্ত্রী বা যৌনসঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা।"
তার এই বক্তব্যে তোলপাড় শুরু হয়ে যায়। তবে যৌন সম্পর্ক স্থাপনে নৈতিকতার বাঁধন যে খুব জরুরি এই যুক্তিতে অবিচল থাকেন তিনি।
তিনি বলেন, বড় বড় নেতাদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া কোন নতুন খবর নয়। অনেক মার্কিন প্রেসিডেন্টদের বিরুদ্ধেও আছে যৌন কেলেঙ্কারির অভিযোগ।
তার মতে এইডস বিরোধী প্রচারণাকে কেবল কনডম ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিৎ নয়। এতে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছায়। এই প্রচারণার মাধ্যমে বোঝানো হয় কনডম ব্যবহার করলেই যে কোন অবৈধ সম্পর্কের ছাড়পত্র পাওয়া যায়।
তবে কনডম বিতর্কের রেশ কাটতে না কাটতেই আরো একটি বিতর্কিত মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে, স্কুল থেকে ‘সেক্স এডুকেশন’ নিষিদ্ধ করার পক্ষে শুক্রবার যুক্তি দেখান তিনি। তার মতে এসব শিক্ষার বদলে স্কুল গুলোতে যোগ ব্যায়াম বাধ্যতামূলক করা উচিত। সূত্র: এনডিটিভি
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





