পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি'র নেতা ড. তাহিরুল কাদরি বলেছেন, পাক সরকারের প্রতি পরাশক্তিদের সমর্থনের কারণে তার দল কৌশল পরিবর্তন করেছে এবং বিক্ষোভ নয় বরং নির্বাচনের মাধ্যমে দেশটিতে 'বিপ্লব' ঘটানোর নীতি নিয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।

নাম উল্লেখ না করে তিনি বলেন, এ সব পরাশক্তি দৃঢ়চেতা রাজনীতিবিদদের পাকিস্তানের ক্ষমতায় দেখতে চায় না; দুর্বল, দুর্নীতিবাজ এবং অদক্ষ রাজনীতিবিদের পরাশক্তিরা সহজেই নিজেদের মত পরিচালনা করতে পারে ।

পাকিস্তানে চীনের ব্যাপক বিনিয়োগ বন্ধের আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজধানী ইসলামাবাদের অবস্থান ধর্মঘট করা হয়েছে বলে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার যে অভিযোগ করেছে তার বিরোধিতা করে এ দাবি করেন ড. কাদরি। ৭০ দিনব্যাপী অবস্থান ধর্মঘটে পিএটি'র সমর্থকরা অলৌকিকতা সাধন করেছে বলেও এ সময়ে দাবি করেন তিনি।

এদিকে, অবস্থান ধর্মঘট তুলে নেয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছেন বলে পাকিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাও নাকচ করে দেন ড. কাদরি।

তিনি বলেন, এ সংবাদ যে উপস্থাপক উত্থাপন করেছেন তার বিরুদ্ধে উকিল নোটিশ দেয়ার প্রস্তুতি নিয়েছে পিএটি।

এ ছাড়া, পাক সরকারের সঙ্গে পিএটি নেতাদের চুক্তির কোনো অনুলিপি কেউ প্রকাশ করতে পারলে তাকে নগদ ৫ কোটি রুপি দেয়া হবে বলেও ঘোষণা করেন পিএটি নেতা।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সরকার প্রদেশটিতে যে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে তা নিয়ে পিএটি'র সংশয় আছে এ সত্ত্বেও তার দল স্থানীয় নির্বাচন বর্জন করবে না বলে জানান তিনি।

ইআর