প্যারিস হামলার মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশ করেছে ফ্রান্স। আবদেল হামিদ আবয়াউদ নামের ২৭ বছরের ওই তরুণ বেলজিয়ামের নাগরিক এবং সে মরক্কোর বংশোদ্ভূত। বর্তমানে সে সিরিয়ায় অবস্থান করছে।
ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, ২০১৩ সালে আবয়াউদ সিরিয়ায় আইএসে যোগ দেন।
ওই সময় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মৃতদেহ বোঝাই একটি গাড়ি চালিয়ে তিনি গণকবরের দিকে যাচ্ছেন। পরে তিনি তার ছোট ভাই ১৩ বছরের ইউনিস আবয়াউদকে আইএসে নিয়োগ দেন।
এর আগে অবশ্য আবদেলের পরিবার জানিয়েছিল, সে মৃত। তবে পুলিশ জানিয়েছে, ওই সময় তার পরিবার পুলিশকে ভুল তথ্য দিয়েছে এবং তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে।
জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে বেলজিয়ামের ভারভিয়ার্সে গত জানুয়ারিতে অভিযান চালিয়েছিল পুলিশ। ওই সময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়। এ ছাড়া আহত হয় আরো দুজন।
আবদেল দাবি করেছিলেন, তিনি ওই সন্ত্রাসী গ্রুপটির নেতা । ওই সময় তার অনুপস্থিতিতে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
হামলার পর প্রতিক্রিয়ায় আবদেলের বাবা ওমর আবয়াউদ বলেছিলেন, ছেলের কর্মকাণ্ডে তিনি লজ্জিত।
তিনি বলেন, ‘আবদেল আমার পরিবারের জন্য লজ্জা বয়ে নিয়ে এসেছে। আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে।’
ওমর জানান, ৪০ বছর আগে তিনি বেলজিয়ামে এসেছিলেন খনিতে কাজ করতে।
এর পরই তার জীবনে উন্নতি এসেছে জানিয়ে ওমর বলেন, ‘আমরা উন্নতির সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি। আমি এই দোকানটি কিনেছি এবং আবদেলকেও আরেকটি কিনে দিয়েছি। আমাদের সুন্দর একটি জীবন ছিল।’
আবদেল কখনোই মারামারিতে জড়াত না উল্লেখ করে ওমর বলেন, ‘সে দুষ্ট ছিল না এবং ভালো ব্যবসায়ীতে পরিণত হয়েছিল। ২০১৩ সালে ছেলে যখন সিরিয়া পালিয়ে গেল, তখনই নাটকীয়ভাবে সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করে।’
ওমর বলেন, ‘ও কী কারণে চরমপন্থি হয়ে গেল, সে প্রশ্নটি প্রতিদিন নিজেকে করেছি। কিন্তু কোনো উত্তর পাইনি।’
সিরিয়ায় আবদেল হামিদ জঙ্গিদের কাছে আবু ওমর সৌসি ওরফে আবু উমর আল বালজিকি নামে পরিচিত। আইএসের পক্ষে প্রচারিত ভিডিওবার্তাগুলোতে তাকে ভারী অস্ত্রসহ দেখা গেছে।
এমকে





