ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার এক ঘন্টার পর আজ (শনিবার) প্রেসিডেন্ট আসাদ বলেন, ফ্রান্সের অধিবাসীরা যে ভয়ানক হামলার শিকার হয়েছেন সিরিয়ার জনগণ গত পাঁচ বছর ধরে তা মোকাবেলা করছেন।

প্যারিস শহরের মাঝামাঝি বাটাক্লঁ আর্ট সেন্টারে গতরাতে কনসার্ট চলাকালে ছয় থেকে আটজন সন্ত্রাসী একে-৪৭ রাইফেল নিয়ে অতর্কিতে গুলি চালালে ১২৭ জন নিহত হয়।

২০১১ সালে থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা বিভিন্ন ধরণের অপরাধযজ্ঞ এবং নৃশংসতা চালিয়ে আসছে। দেশটিতে এই পর্যন্ত ২,৫০,০০০ জনেরও বেশী লোক নিহত হয়েছে এবং বাস্তুহারা হয়েছে আরো কয়েক লাখ মানুষ।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের চালানো হামলাকে 'ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ' ঘোষণার শামিল বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ।

প্রকৃতপক্ষে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সসহ পাশ্চাত্য ও রাজতন্ত্র শাসিত আরব দেশগুলোই সিরিয়ায় আইএসআইএলসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো গড়ে তুলেছে। প্রেসিডেন্ট আসাদ বিরোধী লড়াইয়ে তাদেরকে অর্থ এবং অস্ত্র দিয়েছে।

আইএসআইএল বা দায়েশ দাবি করেছে, তাদের বিরুদ্ধে গঠিত সামরিক জোটে ফ্রান্স যোগ দেয়ায় এবং তাদের অবস্থানের ওপর বোমা হামলায় অংশ নেয়ায় এর প্রতিশোধ হিসেবে প্যারিসে হামলা চালানো হয়েছে।

এদিকে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বিরোধী কথিত জোটের হামলা ব্যর্থ হয়েছে বলে এর আগে গত মে মাসে প্রেসিডেন্ট আসাদ মন্তব্য করেছিলেন বরং বিভিন্ন দেশকে হুমকি এবং ব্লাকমেইল করতেই তারা সন্ত্রাসীদের লালন পালন করছে বলেও দাবি করেছিলেন আসাদ।

আজ (শনিবার) এক ভিডিও বার্তায় ফ্রান্সের বিরুদ্ধে আরো হামলা চালানোর হুমকি দিয়ে তাকফিরি দায়েশ বলেছে, যত দিন তোমরা আমাদের ওপর বিমান হামলা চালাবে ততদিন তোমরা শান্তিতে থাকতে পারবে না। সূত্র:রেডিও তেহরান।

এমকে