ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সামরিক হামলার হুমকি দিয়েছে আমেরিকা। মার্কিন বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জেনারেল ফিলিপ ব্রিডল্‌ভ বলেছেন, রাশিয়া গোপনে বা প্রকাশ্যে যেভাবেই ইউক্রেনে সেনা পাঠাক না কেন তা আগ্রাসন বলে গণ্য করবে ন্যাটো এবং প্রমাণ করতে পারলে ৫ম অধ্যায় অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেছেন, যদি ন্যাটো দেখে যে, বিদেশি কোনো সেনা সার্বভৌম দেশের ভেতরে ঢুকছে এবং তা যদি হয় কোনো আগ্রাসী দেশের পক্ষ থেকে তাহলে অবশ্যই সামরিক ব্যবস্থা নেয়া হবে।

জার্মান পত্রিকা দাই ভেল্টের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন কমান্ডার এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, ইউক্রেনে রাশিয়ার তৎপরতাকে ভবিষ্যত হুমকি হিসেবে ধরে নিয়ে ন্যাটোর কাজ করা উচিত এবং এ নিয়ে ন্যাটোর অবশ্যই প্রস্তুত থাকা দরকার।

বহুদিন থেকে আমেরিকা অভিযোগ করে আসছে- ইউক্রেনের গেরিলাদেরকে অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে রাশিয়া। গত শুক্রবারও রাশিয়াকে হুঁশিয়ার করে আমেরিকা বলেছে, “ইউক্রেনকে অস্থিতিশীল করতে মস্কো যা করছে তা চরমভাবে উস্কানিমূলক।” সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ