ডেভিড হেইন্স (৪৪) নামের এক ব্রিটিশ ত্রাণকর্মীর শিরশ্ছেদ করার দাবি করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। এটি নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় শিরশ্ছেদের ঘটনা ঘটল।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আইএস একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, মুখোশধারী এক জঙ্গি হেইন্সের শিরশ্ছেদ করছে। স্কটল্যান্ডে জন্ম নেওয়া হেইন্সকে ২০১৩ সালের মার্চ মাসে অপহরণ করা হয়। তিনি একটি আন্তর্জাতিক ত্রাণসহায়তাকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

‘যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি বার্তা’ শিরোনামের ওই ভিডিওটির সময়কাল ২ মিনিট ২৭ সেকেন্ড। ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নিন্দা করা হয়। এক শিরশ্ছেদকারী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলে, ‘ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করতে আপনি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধেছেন। আপনার পূর্বসূরি টনি ব্লেয়ারও এমনটা করেছিলেন। যুক্তরাষ্ট্রকে না বলার সাহস ব্রিটিশ প্রধানমন্ত্রীদের নেই।’

এদিকে, এমন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘যতই সময় প্রয়োজন হোক না কেন, হত্যাকারীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।’

এর আগে আইএস জঙ্গিরা দুই মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন সটলফের শিরশ্ছেদ করে। এছাড়া এক কুর্দি সদস্যেরও শিরচ্ছেদ করে আই এস।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি