মৌমাছি ছোট আকৃতির হলেও এর হুল খুব মারাত্মক। যারা মৌমাছির কামড়ের শিকার হয়েছেন শুধু তারাই বোঝেন ছোট সুন্দর মৌমাছি যে কত ভয়ঙ্কর। মৌমাছির কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মৌয়ালরা কতই না কসরত করেন। অথচ এই মৌমাছিদের নিজের শরীরের সঙ্গে লেপটে ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের এক মহিলা।
অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, একটি নয়, দুটি নয়, প্রায় বারো হাজার মৌমাছিকে নিয়ে অনেকটা জাদুকরের মতোই উন্মুক্ত বক্ষে ঘুরে বেড়াচ্ছেন এই মহিলা।
সারা ম্যাপিলি নামের ৪৪ বছর বয়সী এই মহিলার নাকি এতে কোন ভয় নেই। এমনকি এভাবে চলাফেরা করা তার দৈনন্দিন কাজের অংশ। এই মহিলা নাকি এই মৌমাছি ছাড়া এক মুহূর্ত থাকার কথা চিন্তাও করতে পারেন না।
এই অদ্ভুত বিস্ময়কর মহিলার ছবি তুলেছেন ফটোগ্রাফার হলি উইলমেথ।
এই মহিলা নিজেই নিজেকে ‘মৌ রানী’ বলে ঘোষণা করেছেন। তিনি নিজেকে মৌমাছি দিয়ে গলা থেকে শুরু করে বক্ষের শেষ পর্যন্ত এমনভাবে আবৃত করেছেন দেখেই মনে হবে যেন কোন মৌচাক। তিনি যখন হাঁটেন তখন মনে হবে যেন চলন্ত এক মৌচাক।
এই অদ্ভুত মানুষটি পেশায় একজন শিল্পী এবং উপশমক। তিনি ২০০১ সাল থেকে অনুসন্ধান চালিয়ে আসছেন কিভাবে তাঁর শরীরে কৃত্তিমভাবে মৌমাছির চাষ করা যায়। তিনি তার এই চেষ্টায় সফল হয়েছেন।
তিনি বলেন, তাঁর চারপাশ দিয়ে যখন মৌমাছি গুনগুনিয়ে বেড়ায়, তখন তিনি একটা আধ্যাত্মিক নৃত্য করেন। তিনি বলেন, এই শক্তি তিনি মেডিটেশন করে পেয়েছেন।
তার ওয়েবসাইটে তিনি লিখেছেন,‘‘ আমার মনে হয় আমি যখন নাচি তখন আমি একা নই, আমার সঙ্গে অনেকে নাচে। আবার ১২ হাজার মৌমাছিও তাদের ডানা ঝাপটিয়ে আমার চারপাশে উড়তে থাকে। এটা একটা নিবিড় মেডিটেশন। এ সময় আমি অনুভব করি, তারা আমাকে ঘিরে আছে, আমাকে আঁকড়ে আছে এবং তখন আমার অন্যরকম এক অনুভুতি হয়।’’
এই মহিলা নিজের শরীরকে মৌমাছি দ্বারা আবৃত করে মানুষকে একটা বার্তা দিতে চান। তিনি নিজে এই বিষয়ে বলেন, ‘‘আমার এই কাজের মাধ্যমে আমি মানুষকে বলতে চাই, প্রকৃতিতে কোন ভয় নেই।’’
মৌ রানীর এই চেষ্টা মানুষকে প্রকৃতির আরও কাছাকাছি টানবে বলে পরিবেশ ও প্রকৃতিবাদীরা মনে করছেন। সেই সঙ্গে তার এই চেষ্টা মানুষের কাছে মেডিটেশনের গুরুত্বের বার্তাও পৌঁছে দেবে।
সূত্র:ডেইলি মেইল অনলাইন।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





